প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে বিএনপির বিদ্রোহী দুই প্রার্থীকে বহিস্কার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কিশোরগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার(২১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ দলের চুড়ান্ত এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অতিদ্রুত কার্যকর হবে বলে জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে কিশোরগঞ্জ জেলার বিদ্রোহী দুই প্রার্থী হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চুন্নু। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য।

অন্যজন হলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি।

কিশোরগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু ২০০৬ সালের ঢাকা বিভাগীয় স্পেশাল জজ থাকা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেন। ২০০৭ ও ২০১৮ সালে কিশোরগঞ্জ-১ আসনে দল তাকে মনোনয়ন দেয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন। তবে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

অপরদিকে কিশোরগঞ্জ-৫ আসনে ভোটের মাঠে এখনো সক্রিয় রয়েছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ২০০১ সালের নির্বাচনে ওই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। পরে আন্দোলনের মুখে প্রার্থী বদল করে তৎকালীন এমপি মজিবুর রহমান মঞ্জুকে মনোনয়ন দেয়া হয়। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন বঞ্চিত হন মুজিবুর রহমান ইকবাল।

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়
ইকবালকে। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। এর পরপরই বাবার হাতে গড়া “বাংলাদেশ জাতীয় দল” নামের রাজনৈতিক দল বিলুপ্ত করে সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দেয়। তিনি বিএনপিতে যোগদান করায় দল সিদ্ধান্ত পরিবর্তন করে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সৈয়দ এহসানুল হুদাকে চুড়ান্ত মনোনয়ন দিয়ে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন