ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী দিলশান পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়া এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে সড়কের পাশে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, এনসিপি মনোনীত প্রার্থী দিলশান পারুলের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, শাহাবাগী এবং ইসলামবিদ্বেষী ভূমিকার অভিযোগ রয়েছে।
এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ‘আশুলিয়া ভয়েস অফ জুলাই’-এর আহ্বায়ক মো. মোস্তফা কামাল মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকা-১৯ আসনের জনগণ এমন কাউকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায় না, যার বিরুদ্ধে নানা বিতর্ক ও অভিযোগ রয়েছে। অবিলম্বে দিলশান পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি