চিংড়ি মাছ কম বেশি সবারই প্রিয়। বিশেষ করে বাচ্চাদের। সাধারণত ভুনা, ভাজি ও বিভিন্ন সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়। তবে খাবারের স্বাদে একটু ভিন্নতা চাইলে খাবারের মেন্যুতে অনেকেই যোগ করেন একটু ভিন্ন স্বাদের চিংড়ি মাছের দোপেঁয়াজু। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবেও রাখতে পারেন এই পদটি। আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী মৌসুমী শীমা। তো, আসুন জেনে নেয়া যাক চিংড়ি মাছের দোপেঁয়াজু রেসিপি।
উপকরণ :
বড় চিংড়ি মাছ ৮ থেকে ১০টি, পেঁয়াজ কুচি এক কাপ, সয়াবিন তেল ৩/৪ কাপ, লবন স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা ১/৪ চামচ, কাঁচা মরিচ ৪/৫, মরিচের গুঁড়া এক চা চামচ।
রান্নার প্রণালি :
প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে, কেটে ভালো করে ধুয়ে নিন। তারপর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে দুটি থেকে তিনটি কাঁচা মরিচ কেটে দিয়ে দিন।
পেঁয়াজ ও মরিচ ভাজা হয়ে গেলে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিন। এর সঙ্গে এবার হলুদ, লবণ ও জিরা বাটা দিয়ে দিন। এরপর এক কাপ পরিমান পানি দিয়ে ভালো করে নেড়ে চুলা মাঝারী আঁচে রেখে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রান্না করুন। ২০ মিনিট পরে পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি মাছের দোপেঁয়াজু।

মৌসুমী শীমা : কণ্ঠশিল্পী ও শৌখিন রন্ধনশিল্পী