আসলো ওরা দল বেঁধে, বসলো জাতির ঘাড়ে
বিবেকটুকু কবর দিলো, রক্ত নদীর পাড়ে,
মায়ের বুকের ধনটাকে, গুলির সামনে রেখে
আড়াল থেকে মুচকি হাসে, লাশের সারি দেখে।
ক্ষমতার-ই লোভে পরে, নৈতিকতা ভুলে
রঙিন পানির নেশায় তারা, আরাম কেদারায় দুলে,
রং মহলে নর্তকীদের, নাচ দেখিয়া তারা
অপকর্মে লিপ্ত থাকে, দেশের কর্ম সাড়া।
বললে কিছু তাদের নামে, তেড়ে আসে সব
ভুলে গেছে মানবতা, ভুলে গেছে রব,
বয়স হয়নি ত্রিশ বছর, লম্বা লম্বা বুলি
দেশটা না-কি তাদের এখন, তারাই ফুলের কলি।
জনগণের দোহাই দিয়ে, পোটলা ভরা কাজ
নাই কোন পেশা তবু-ও, রঙ বাহারি সাজ,
লক্ষ টাকার গায়ের জামা, কোটি টাকার গাড়ি
বছর ঘুরতে হয়ে গেছে, আলিশান এক বাড়ি।
আমরা হলাম বলির পাঠা, তামসা দেখা কাজ
গাঙের জলে ধুইয়া দিছি, বিবেক শরম লাজ।
ওরা তো সব সনদ ধারী, বড়ো বড়ো পাশ
বুঝে শুনে হিসাব করে, দিচ্ছে তারা বাঁশ।
বলা যায় না ওদের কিছু, তেড়ে আসে চামচা
লজ্জা স্থান ঢাকার জন্য, থাকে না আর গামছা,
এদের থেকে মুক্তি চাই, চাই সুন্দর পরিবেশ
ওরা শুধু মুখেই বলুক, এসো আমরা গড়ি দেশ।

ফরহাদুল ইসলাম জুয়েল