কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে ইউনিয়ন পরিষদের সদস্য আয়েত আলী মেম্বারের বাড়িতে বসবাসরত প্রবাসী মাওলানা মো. শাহাদাত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সুরাইয়া আক্তার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের বিষয়টি জানানো হলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনার পর থেকে এলাকায় ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, তারা চান্দিনা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে চান্দিনা থানা পুলিশ জানায়, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি. উজ্জ্বল বাংলাদেশ