সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটে মঙ্গলবার সকালে একটি খিপ্ত শিয়ালের হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া শিয়ালটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালটি প্রথমে তাড়াশ উপজেলার হাটপাতাল গেটে ভাদাশ পূর্ব পাড়া গ্রামের মোক্তার হোসেন (৪৫) কে পায়ে কামড় দেয়। এরপর শিয়ালটি দৌড়ে একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে থাকা একটি ছোট শিশুকে কামড় দেওয়ার চেষ্টা করে। তবে শিশুটির পায়ে জুতা থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি।
শিয়ালটির আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। কাউকে দেখলেই তেড়ে যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় কিছু জনতা একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।
আহতদের দ্রুত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়েছে।
তবে হাসপাতাল সূত্র আরও জানায়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট রয়েছে। প্রকল্পের আওতায় যে পরিমাণ ভ্যাকসিন বরাদ্দ ছিল, তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নতুন করে বরাদ্দ পাওয়া গেলে আবার ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হবে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. এরফান আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি ইতোমধ্যে বদলি হয়েছেন।
ভুক্তভোগী মোক্তার হোসেন বলেন, “হাসপাতালে টিকা না থাকায় আমাকে বাইরে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনে এনে টিকা নিতে হয়েছে। এতে বাড়তি খরচ ও ভোগান্তির শিকার হয়েছি।”
ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত থাকতে পারে। তারা দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা ও লোকালয়ে বন্য প্রাণীর প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে আরও সতর্ক ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল, যাতে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা আর না ঘটে।

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ 