সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে শরীফুল ইসলাম ইন্না জানান, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়া মহল্লার মধ্যে মারামারি ও বিরোধ চলে আসছে। গতকাল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হলেও রাতেই তার বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তিনি বলেন, “আমার বাড়ি দুটি এলাকার একেবারে সীমানায়। দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

সিরাজগঞ্জ প্রতিনিধি,উজ্জ্বল বাংলাদেশ 