কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণঅভ্যুত্থানকালীন লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান। সোমবার (৫ ডিসেম্বর) কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আযাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য শামসুল হক শারেক, নুরুল ইসলাম হেলালী, আবু ছিদ্দিক ওসমানী, আনসার হোসেন, মুরশেদুর রহমান খোকন, হাসানুর রশীদ, মোয়াজ্জেম হোসাইন সাকিল এবং মো. হাশিম। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজার জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাদক কারবার বৃদ্ধি, ছিনতাইয়ের ঘটনা, অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং গণঅভ্যুত্থানের সময় সারা দেশে লুট হওয়া পুলিশের প্রায় ১৮ শতাধিক অস্ত্রের এখনো সন্ধান না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা। এসব অস্ত্র জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলেও মত দেন সাংবাদিক নেতারা।
এ সময় পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান বলেন,“আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার নয়। সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না।”
তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নির্বাচনকালীন শান্তি বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এ ধরনের সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

SIRAJUL KABIR BULBUL 