প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, বাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
‎
‎
‎এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েছে।
‎
‎
‎তবে এ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎
‎এবারের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনটি ২০০৮ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিএনপির দখলে ছিল। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
‎২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেওয়ায় পরবর্তী উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন।
‎
‎
‎পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তার পদত্যাগের পর আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় অর্জন করেন।
‎
‎
‎বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তম বগুড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
‎নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১২ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
‎
‎
‎আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন