টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতিবিহীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু পরিবহনের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকেও পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে হারুন নামের এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার দায়ে ওই ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে খোলা অবস্থায় বালু পরিবহনের দায়ে অপর দুই ব্যক্তিকে সড়ক পরিবহন আইন অনুযায়ী দুটি পৃথক মামলায় তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ সোহেল, (বিশেষ প্রতিনিধি) 