বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির আয়োজন করেছে সৈয়দপুর ডায়াবেটিক সমিতি। শনিবার (১৫ নভেম্বর) সুলতাননগর এলাকায় সমিতি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প, পদযাত্রা ও আলোচনা সভা অন্তর্ভুক্ত ছিল।
সকাল থেকেই স্ক্রিনিং ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর দিবসের প্রতিপাদ্য “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” সামনে রেখে একটি পদযাত্রা বের করা হয়।
পরে সমিতির সভাপতি ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. আবু আহম্মেদ মর্তুজার সভাপতিত্বে এবং সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, ডায়াবেটিক সমিতির চিফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায় এবং সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মাহেরুখ সাদী (হেনা)। তাঁরা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, খাদ্যাভ্যাস ও জীবনাচরণের বিষয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, জিকরুল হক, পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক শাহ নেওয়াজ হোসেন সানু, ব্যবসায়ী লায়ন মো. আনোয়ার আলী, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান পাটোয়ারী, লিয়াকত হোসেন লিটন, রেজাউল হকসহ বিভিন্ন ব্যক্তি।
উল্লেখ্য, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শনিবার দিনটি পালন করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 