দীর্ঘ সাত বছরের কষ্টের পর স্বাভাবিক জীবনে ফিরেছে নেত্রকোনার শিশু মুকাব্বির হোসেন। জন্ম থেকেই মাথায় টিউমারে ভোগা এই শিশুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর মানবিক সহায়তায় রানা এখন সুস্থতার পথে।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ৩ সেপ্টেম্বর রানাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর প্রথম এবং ৯ অক্টোবর দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর তিন দিন আইসিইউতে থাকার পর গত শনিবার (১১ অক্টোবর) তাকে বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে রানা অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের ধারণা, আগামী ৩-৪ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। রানা এখন অনেকটাই সুস্থ এবং স্বাভাবিকভাবে বিছানায় ঘুমাতে পারছে—এটাই সবচেয়ে বড় সাফল্য। তার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য,নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের এই শিশুটি জন্ম থেকেই মাথায় টিউমার নিয়ে ভুগছিল। দীর্ঘদিন ধরে ঘুমানো, খাওয়া কিংবা হাঁটা–সব কিছুই ছিল তার জন্য কষ্টসাধ্য।

ইউ বি টিভি ডেস্ক