টাঙ্গাইলের ভূঞাপুরের সুস্থ সাংস্কৃতিক ধারার ধারক-বাহক সংগঠন ‘স্বরবৃত্ত আবৃত্তি সংসদ’-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও স্বরবৃত্ত আবৃত্তি সংসদের কার্যালয় স্বাধীনতা কমপ্লেক্সে এই অনুষ্ঠানটি স্থানীয় সাংস্কৃতিক জগতের গুণীজনদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরবৃত্তের সভাপতি ড. আলী রেজা। শুরুতেই গভীর শ্রদ্ধায় সংগঠনের প্রয়াত সদস্য এম কে রাজু, আসাদুজ্জামান মিল্টন, আমিরুল ইসলাম খান, মৌসুমি সুলতানা এবং ১৯৭১ সালের ভূঞাপুর মুক্ত দিবসের শহীদ আবদুল কদ্দুসসহ সকল শহীদদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুরের সভাপতি নাট্যজন জলিল আকন্দ, জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, জোট সদস্য ও ভূঞাপুর ধূমকেতু থিয়েটারের সভাপতি নাট্যজন আবদুল করিম খান এবং উদীচী ও ফুলরেনু খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক, কবি ও বাচিকশিল্পী হারুন অর রশিদের মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্বরবৃত্তের সদস্য, অভিভাবকবৃন্দ ও অতিথিদের সাথে নিয়ে আনন্দমুখোর পরিবেশে কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সম্পূর্ণ করা হয়। এ আয়োজন কেবল একটি বার্ষিকী পালন ছিল না, ছিলো স্থানীয় সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা ও সম্মিলিত চেতনার বহিঃপ্রকাশ। স্থানীয়দের ধারণা, স্বরবৃত্ত আবৃত্তি সংসদের এমন উদযাপন সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার অঙ্গীকারবদ্ধ একটি প্রয়াস।

খন্দকার আউয়াল (টাঙ্গাইল) প্রতিনিধি 