নারীর ক্ষমতায়নে যুক্ত হলো নতুন অধ্যায়। নীলফামারীর সৈয়দপুরের কৃতি সন্তান ও সফল নারী উদ্যোক্তা মুক্তি আকা খাতুন (মাহি) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত Graduation Ceremony—উদ্যমী আমি কোহর্ট-৯ এ সম্মাননা অর্জন করেছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক বিজনেস স্কুলের Women Empowerment Cell (WEC) এবং ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ছিল দুই মাসব্যাপী। উদ্যোক্তারা ব্যাংকিং, হিসাবরক্ষণ, মার্কেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ মুজিবুল হক, WEC-এর পরিচালক ড. নুসরাত হাফিজ, গ্রামীণফোনের উপ-মহাব্যবস্থাপক নাবিলা ইনায়েত প্রভাসহ অতিথিরা।
সম্মাননা পাওয়ার পর মাহি বলেন, “এই সাফল্য আমার একার নয়। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আমাকে সহায়তা করেছেন। একজন নারী নিজের ওপর আস্থা রাখলে কোনো কিছুই অসম্ভব নয়।”
উত্তরবঙ্গের এই নারী উদ্যোক্তা ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন Ghausia International Tours & Travels এবং ২০২৩ সালে চালু করেন Ghausia Women’s Computer Training Center। তাঁর প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
২০১৭ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হন তিনি। সম্প্রতি সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর থেকেও ‘সেরা নারী উদ্যোক্তা’ পুরস্কার অর্জন করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, মাহির এই অর্জন দেশের নারী উদ্যোক্তা বিকাশে একটি অনুপ্রেরণামূলক মাইলফলক হয়ে থাকবে।

ইউ বি টিভি ডেস্ক 