প্রেম আর ভালবাসার মধ্যেই অমরা সব থেকে বেশি গুলিয়ে ফেলি। অনেক ক্ষেত্রে বছরের পর বছর সম্পর্কে থাকার পরেও বুঝে উঠতে পরি না সেটা প্রেম না ভালবাসা? আদৌ কি দুটো এক?
হয়ত বেশিরভাগ মানুষই জানেন না প্রেম আর ভালবাসা কখনও এক হতে পারে না। দুটোর অনুভূতি একেবারেই আলাদা। বেশ কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে।
প্রেম থাকলে সেখানে শুধু সঙ্গীকে নিয়ন্ত্রণ বা ডমিনেট’ করার বাসনা থাকে। ‘এটা পরবে না’, ‘ওখানে যাবে না ‘এটাই করো’ এই ধরণের জোর খাটানোগুলো ভালবাসায় থাকে না। ভালবাসায় থাকে একে অপরকে বোঝার ইচ্ছে। একে অপরের ইচ্ছেগুলোকে সম্মান করার আগ্রহ।
প্রেম মানে অসহ্য একটা পাওয়ায় বাসনা। মানে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাকে নিজের করতেই হবে, নিজের সঙ্গে রাখতেই হবে এরকম একটা অনুভূতি। কিন্তু ভালবাসা মানে তার ভালোর জন্য যদি তাকে নাও বা পেলাম সেটাতেই সুখী হওয়া।
প্রেম মানে বদলে ফেলার ইচ্ছে। এটা আমার মনের মতো নয়। ওটা আমি যা বলছি সেইরকমই করতে হবে এই মতামতগুলো প্রেমের ক্ষেত্রে তৈরি হয়। ভালবাসায় অপরজন যেমন, ঠিক তেমন ভাবে তাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে।
প্রেমে শারীরিক টান একটা বিরাট ব্যাপার। অর্থাৎ একসঙ্গে থাকতে গেলে মিলিত হতেই হবে। একে অপরকে না ছুঁলে যেন দেখাটাই সম্পূর্ণ নয় এমন কিছু। কিন্তু ভালবাসায় শারীরিক টানের থেকেও মনের টান অনেক অনেক বেশি থাকে। যেখানে হাজার কিমি দূরে থাকলেও একে অপরকে নিয়েই বেঁচে থাকতে ইচ্ছে করে।
যেখানে মেনে নেওয়ার ও মানিয়ে নেওয়ার ইচ্ছে থাকে না সেটা প্রেম, ভালবাসা কখনই নয়। ও কেন এটা করল, আমি নিজের থেকে কেন কথা বলব, এই ধরনের মানসিকতা থাকলে তা কখনওই ভালবাসা নয়।
ঝামেলা দিনের পর দিন টিকে থাকে প্রেমে। একে অপরকে ক্ষমা করা যায় না। মাসের পর মাস ঝামেলার কথা মনে রেখে দেওয়া যায় প্রেম থাকলে। ভালবাসায় ঝামেলা কখনও বাসি হয় না। একে অপরের ভুল ত্রুটিগুলো মনে রাখার চেয়ে একসঙ্গে একটু নতুন সময় কাটানোটাই সেখানে বেশি গুরুত্ব পায়।
প্রেমে একে অপরের কাজে গুরুত্ব থাকে না কিন্তু ভালবাসায় একে অপরের কাজকে সম্মান করা যায়।
প্রেমে একে অপরের পরিবারকে আপন করা যায় না। একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের খুঁত ধরা যায়। কিন্তু ভালবাসায় ভালবাসার মানুষের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা মানুষকে নিজের সঙ্গে জড়িয়ে রাখা যায়। কারণ তাঁর সঙ্গে ভালবাসার মানুষটাও ভীষণ ভাবে জড়িয়ে থাকে।

Deblina Basu