বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। আগামী ১০ মের আগে রিফাইনারি চালু করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা। কারণ, ওই সময় আমদানি করা অপরিশোধিত তেলের চালান আসবে। বন্ধ সময়ে রিফাইনারিতে মেইনটেন্যান্স (মেরামত) কার্যক্রম চলবে বলে জানা গেছে।

এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। দেশে সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। আগামী মে মাসের প্রথম দিকে অপরিশোধিত তেলের আমদানি চালান দেশে আসবে বলে জানিয়েছেন ইআরএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দেশে সরাসরি আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ।

এ বিষয়ে ইআরএল কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুত ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল কয়েক দিন। কারণ, ৬ এপ্রিল পরিশোধন করার মতো অপরিশোধিত তেলের মূল স্টক শেষ হয়ে গিয়েছিল।

তথ্যমতে, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড তেলের সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল। ইআরএল থেকে প্রাপ্ত তথ্যমতে, পাঁচটি ট্যাংকের তলানিতে প্রায় ৩৩ হাজার টন ক্রুড তেল ডেড স্টক ছিল। আর এসপিএম থেকে ৫ হাজার টন আনা হয়েছিল রিফাইনারিতে। এগুলো দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল এত দিন। সেগুলো শেষ হয়ে যাওয়ায় বন্ধ করা হলো পুরো ইআরএল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে প্রতিবছর ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেসসহ ১৬ রকমের তেলজাতীয় পণ্য উৎপাদন করে ইআরএল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন