নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন স্ট্যান্ডে দ্রুতগামী বাসের ধাক্কায় রুবেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুন পাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রুবেল নিংগইন স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী ‘নাজ পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে। হঠাৎ এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
