মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেন। শনিবার (২৮ মার্চ) তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে তাঁর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) ও পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি গত মঙ্গলবার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের মাত্র চার দিনের মাথায় তাঁকে হঠাৎ প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, “ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক বদলি। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই।”
