রবিবার, ২৯ মার্চ ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবা রহমান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। শুক্রবার বাদ জুমা মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে মরদেহ শেষবারের মতো তার বাসভবনে নেওয়া হলে আত্মীয়-পরিজনরা তাকে একনজর দেখে শেষ বিদায় জানান। গুণী এই শিল্পীর দাফনের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম।
রুমানা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবা রহমান মারা যান। জানান, তার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং গত এক বছর ধরে কথা বলতে পারতেন না। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী ১৯৩৫ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে ‘মনের বনে দোলা লাগে’ গানে কণ্ঠ দিয়ে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
পঞ্চাশ ও সত্তরের দশকে রেডিও এবং চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পল্লীগীতি ও আধুনিক গানে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন