মাদারীপুরের শিবচরে রাতের আধাঁরে আগুন দিয়ে একটি পরিবারের সকল সদস্যকে পুড়িয়ে হত্যা চেষ্ঠার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাচামারা ভুলু হোসেন শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মত ভুলু হোসেন শাকিল ও তার পরিবারের সকল সদস্য রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে ভুলু হোসেন শাকিলের মা কিছু পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে যায়। দরজা খুলে দেখে তার ঘরের পিছনের দিকে আগুন জ্বলছে। তার ডাকচিৎকারে বসত ঘরে ঘুমিয়ে থাকা তার বাবা- ভাই উঠে তাদের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন।
স্থানীয় লোকজনদের সহযোগিতায় বাড়ির আগুন নিভানোর চেষ্টা করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় বসত ঘরে আগুন দিয়ে পরিবারের সকল সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্ঠা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ।
সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে দাবী জানান অভিযোগকারী ভুলু হোসেন শাকিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সেরনিয়াবাদ বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

