আপূরয়মাণ বৈশিষ্ট্যপালী লোকত্রাতা বিশ্বসৎসঙ্গের প্রাণপুরুষ যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ ও পশ্চিম গুজরা সৎসঙ্গ শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় দুই দিনব্যাপী মহা-মহোৎসব শুরু হয়েছে।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, পশ্চিম গুজরা শাখার উদ্যোগে ২২ ও ২৩ মার্চ ২০২৬ রবিবার ও সোমবার নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এ মহোৎসব উদযাপিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা ও সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমবেত বিশ্বমঙ্গল বিনতি প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, গঙ্গা আহ্বান ও শুভ অধিবাস।
অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেয় পশ্চিম গুজরা জ্বালাকুমারী শিল্পীগোষ্ঠী। প্রথম দিনের রাত ১০টায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন সুকুমার দে ও ঐশি রক্ষিত। একই সময় সনাতনী ব্যান্ড সংগীত “প্রণাম” এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে ঊষাকালীন প্রার্থনা, বন্দে পুরুষোত্তম ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বিল্বপত্র, তুলসীপত্র ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব লগ্ন ঘোষণা করা হয়। পরে নগর পরিক্রমা, দীক্ষাদান এবং অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
মহোৎসব উপলক্ষে লীলাকীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্ত্তনীয়া অমল দাশ ও তাঁর দল, যা ভক্তদের মাঝে গভীর ভক্তিভাব সৃষ্টি করে।
ধর্মীয় সম্মেলনে সঞ্চালনায় ছিলেন দোলন কুমার দে। এতে উপস্থিত ছিলেন পাবনা হিমাইতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন এলাকার সনাতনী নেতৃবৃন্দ।
রবিবার বিকেলে সাধারণ সম্পাদক মিহির কান্তি দাশের সঞ্চালনায় পশ্চিম গুজরা জ্বালাকুমারী শিল্পীগোষ্ঠীর পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতা ও সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক উত্তম দে এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রাজু কান্তি দে। সভায় বক্তব্য রাখেন জ্বালাকুমারী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি কাজল দে, সাধারণ সম্পাদক মিহির কান্তি দাশ, অর্থ সম্পাদক সাগর দাশ, সহ-অর্থ সম্পাদক অশোক দাশ, উৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জুয়েল কান্তি দে, সহ-অর্থ সম্পাদক উত্তম মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঋত্বিক সংঘের সদস্য সচিব (পাবনা) সহ-প্রতি ঋত্বিক নিরঞ্জন দেবনাথ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ-প্রতি ঋত্বিক সুমন চৌধুরী, সহ-প্রতি ঋত্বিক ননী গোপাল দেবনাথ, সমর কান্তি দে, কেন্দ্রীয় ঋত্বিক সংঘের সদস্য দোলন কান্তি দে, পলাশ দাশ ও অরূপ বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সজল কান্তি দে, অজয় দে, রবি বিশ্বাস, প্রকাশ দাশ, কাজল দে, নান্টু দে, তপন দাশ, শ্যামল শীল, উজ্জ্বল শীল ও রুপন শীলসহ অসংখ্য ভক্তবৃন্দ।
দুই দিনব্যাপী এ মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

