কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি পালিত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ড্রেন এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

