শনিবার, ১৪ মার্চ ২০২৬

​৫ টাকায় রাজকীয় ইফতার: প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

​কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ

​পবিত্র রমজান মাসের এই পুণ্যময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার একদল তরুণ। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ৫ টাকার বিনিময়ে মানসম্মত ইফতার পৌঁছে দিচ্ছে ‘উদ্দীপ্ত তরুণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
​
​আজ শুক্রবার বিকেল ৫টায় হাকিমপুর উপজেলার সিপি মোড় এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী মূল্যে পুষ্টিকর ইফতার পাওয়ার খবরে শত শত মানুষ ভিড় করেন। ৫ টাকার প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, খিচুড়ি, পিঁয়াজু, বেগুনি, খেজুর, শসা, তরমুজ, আপেল ও বড়ইসহ নানা পদের খাবারের চমৎকার আয়োজন।
​
​অল্প টাকায় এমন রাজকীয় ইফতার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ইফতার নিতে আসা নাজমা বেগম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলেন বাবা, বাজারে সব জিনিসের যা দাম, তাতে আমাদের মতো মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেখানে মাত্র ৫ টাকায় পেটভরে খাওয়ার মতো এমন আয়োজন পাব, তা কখনো কল্পনাও করিনি। এই সামান্য টাকায় সম্মান নিয়ে ইফতার কিনতে পেরে আমরা অত্যন্ত খুশি।”
​
​সংগঠনটির এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে এক অনুপ্রেরণাদায়ক গল্প। কোনো বড় অনুদান নয়, বরং একদল বন্ধুর নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তোলা হয়েছে এই ইফতার তহবিল।

​সংগঠনের সভাপতি নাঈমুর রহমান জানান, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন।

তিনি বলেন, ​”আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই নামমাত্র মূল্যে ইফতারের ব্যবস্থা করি। আজ আমরা প্রায় ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। শুধু ইফতারই নয়, এই রমজান মাসে আমরা চিনি ও সেমাইও বিতরণ করে থাকি।”
​
​তরুণদের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগ সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বিশেষ করে ৫ টাকার প্রতীকী মূল্য রাখার কারণ হলো, যেন কেউ একে অনুদান না ভেবে নিজেদের ক্রয় করা ইফতার হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করতে পারে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন