বুধবার, ১১ মার্চ ২০২৬

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মধ্য খাটিয়ামারী এলাকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী ও কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৯ মার্চ) সকালে মধ্য খাটিয়ামারী মাঠে স্থানীয় নারী সংগঠন, সমাজসেবী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে এসকেএস ফাউন্ডেশন এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এবং এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।

দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি মধ্য খাটিয়ামারী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রকল্পের সুবিধাভোগী নারী দলের সদস্যরা ও ইউপি সদস্য অংশগ্রহণ করেন। পরে মাঠে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।

কুইজ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন ফজলুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. ময়েজউদ্দিন, ফুলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাজাহান মিয়া এবং প্রকল্প অফিসার সুলতানা বাহার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত মোছা. জাহানারা বেগম, মেমনা বেগমসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারীর উন্নয়ন ছাড়া সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা নারীর অধিকার ও উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— মজুরিবিহীন গৃহস্থালীর কাজে নারীর অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান, চরাঞ্চলে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা, চরের নারীদের ভূমির মালিকানা নিশ্চিত করা এবং কৃষি ভর্তুকিসহ সব ধরনের সরকারি সুবিধা প্রদান।

এছাড়া নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও বাজারজাতকরণে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা বলেন, সমাজে নারীদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সব পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন