কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত কয়েকটি নির্বাচনে কিছু অসাধু দালাল ও সুবিধাভোগী চক্র প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে কেন্দ্র দখল, ভোট কারচুপি এবং প্রশাসনকে প্রভাবিত করার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
এলাকাবাসীর দাবি, অতীতে যারা দালালি, চামচামি এবং ক্ষমতার অপব্যবহার করে এমপি ও চেয়ারম্যানদের নাম ভাঙিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল, তাদের আর কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। জনগণের ভোটাধিকার রক্ষা এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কুমিল্লা জেলা উপ-সহকারী পরিচালক ও সৌদি প্রবাসী সমাজকর্মী মো: সেলিম রানা বলেন, “আমরা চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত। অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে, তাদের আর সুযোগ দেওয়া উচিত নয়। জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য প্রয়োজন স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা। তাই আগামী ইউপি নির্বাচনে জনগণের মতামত ও ভোটের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
এলাকাবাসীর পক্ষ থেকেও একই দাবি উঠে এসেছে। তারা মনে করেন, সঠিক নেতৃত্ব এবং জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই সকল নাগরিককে সচেতন হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, আগামী ইউপি নির্বাচন যদি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।

