ভূমিসেবার সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা, সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের (চার ফুট আড়াইফুট আকার) মাধ্যমে প্রদর্শনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা ফি শুধু অনলাইনে পরিশোধ করা যাবে।
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ভূমি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকের প্রতি ভূমি মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। কেউ অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে বলেছে মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোন খাতে কত ফি, সেই তথ্য উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মধ্যে নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা। এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১০০০ টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। খতিয়ান ফির মধ্যে সার্টিফাইড কপি বা অনলাইন কপি ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য ৫৪৫ টাকা এবং ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে।
নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

