বুধবার, ৪ মার্চ ২০২৬

মাদক ছাড়ার ঘোষণা দিয়ে নিজেই মাইকিং করলেন যুবক

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

আমি আর আর মাদক সেবন করবো না, একইসঙ্গে এলাকায় অন্য কাউকে মাদক সেবন করতেও দেবো না।

এমন বক্তব্য দিয়ে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। শুধু তাই নয়, তিনি এলাকায় মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার এমন ব্যতিক্রমী উদ্যোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এমন ঘটনা ঘটে।

মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দেয়া যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মহল্লার জিয়াউর রহমানের ছেলে।

তিনি ইস্তা মসজিদ মোড়সহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি এলাকায় এ মাইকিং করেছেন।

মাইকিংয়ে তিনি বলেন, “এই এলাকার সকল মাদকসেবী ভাইদের বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, তবে আজ থেকে আর করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।

ফাইম হোসেন জানান, নিজের ৩৫০ টাকা খরচ করে তিনি মাইকিং করেন। তার ভাষ্য, সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজনের সঙ্গে অপমানজনক ঘটনার পর তিনি ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, আমি সত্যিই মাদক ছাড়তে চাই। এলাকাতেও যেন কেউ মাদক সেবন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এটিকে সাময়িক আবেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন।

তবে ব্যতিক্রমী এ মাইকিং এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তাকে সাধুবাদ জানাই। সে যদি তার কথা রাখতে পারে তাহলে বিষয়টি সমাজের জন্য ইতিবাচক। সে আবার পুনরায় মাদকের সাথে জড়িয়ে পড়ে কিনা সে বিষয়টিও আমরা খেয়াল রাখবো।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন