ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এক জামায়াত কর্মীর স্ত্রীর ওপর নির্যাতনের প্রতিবাদ করায় আইয়ূব নবী তারেক (২৬) নামে এক তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তারেক বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও গুণক গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় জামায়াত কর্মী নাহিদ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও কয়েকবার বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেন তারেক। বুধবার সন্ধ্যায় ফের নির্যাতনের অভিযোগ তুলে বিচার চেয়ে তারেককে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে গেলে নাহিদ, তার ভাই আবু সাঈদ, বাবা ওহিদুর রহমান এবং মা নুর নাহার মিলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তারেকের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব আবদুল আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এটি পারিবারিক ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

