মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ফেনী জেলা শিশু একাডেমির প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীর কৃতিত্ব

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জেলা শিশু একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী-এর দুই শিক্ষার্থী। ভাষার মাসের এ আয়োজনে অংশ নিয়ে নিজস্ব প্রতিভা ও শুদ্ধ উচ্চারণে বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়িয়েছে তারা।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, ফেনী মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক। তিনি বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় ক বিভাগে (১ম থেকে ৩য় শ্রেণি) দ্বিতীয় স্থান অর্জন করে মুনিসা রিথীমা এবং গ বিভাগে (৭ম থেকে ১০ম শ্রেণি) দ্বিতীয় স্থান অর্জন করে সম্পূর্ণা সাহা। দুই শিক্ষার্থীর সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত আলাপন পরিবার।

এর আগে জেলা পরিষদ সেলিম আল দীন মিলনায়তন-এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় মুনিসা রিথীমা আবৃত্তি করে প্রখ্যাত কবি সৈয়দ শামসুল হক-এর ‘আমাদের এই বাংলাদেশ’ কবিতা। অন্যদিকে সম্পূর্ণা সাহা আবৃত্তি করে একুশের চেতনায় উজ্জীবিত কবি আবদুল গাফফার চৌধুরী-এর ‘একুশের গান’। হৃদয়ছোঁয়া উপস্থাপনায় তারা বিচারকদের মুগ্ধ করে মেধাস্থান অর্জন করে।

নিজের অনুভূতি ব্যক্ত করে সম্পূর্ণা সাহা বলেন,
“আমি আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক মিলন স্যার ও শামীম স্যারের কাছে আবৃত্তি শিখছি। স্যারদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফলেই আজ এ পর্যন্ত আসতে পেরেছি। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবো।”

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি চলতি বছর ৩২ বছরে পদার্পণ করেছে। বর্তমানে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিচ্ছে।

তিনি বলেন, “শিক্ষকদের নিবিড় প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের একাগ্র প্রচেষ্টার ফলেই সম্পূর্ণা ও মুনিসা আজকের এ সাফল্য অর্জন করেছে।”

তিনি আরও জানান, সম্পূর্ণা সাহা পূর্বে বাংলাদেশ টেলিভিশন-এর জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে আবৃত্তি বিভাগে ‘ইয়েস কার্ড’ অর্জন করেছিল। এছাড়া গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে দুজনই বিজয়ী হয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা কালচারাল অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাষার মাসে এমন সাফল্য শুধু দুই শিক্ষার্থীর নয়, বরং পুরো ফেনী জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের।

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ দেখাবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন