গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম। রোববার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহরব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।
সকালে নিজ হাতে ঝাড়ু তুলে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এমপি আব্দুল করিম। এ সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন।
এ সময় এমপি আব্দুল করিম বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি সামাজিক সচেতনতার অংশ। আমরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি, তবে দেশও পরিষ্কার থাকবে।”
তিনি জানান, পবিত্র রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন শহরবাসী। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজ হাতে ঝাড়ু তুলে কাজ শুরু করায় নাগরিকদের মধ্যেও সচেতনতা ও অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

