নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা ইসলামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, পবিত্র রমজানের প্রথম রোজার দিন ইফতারের পূর্ব মুহূর্তে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা হবে না। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

