আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার বিভিন্ন ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন আরও জানায়, জেলার ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, নির্বাচনী সরঞ্জামাদি সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, ভোটের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

