টাঙ্গাইল ২ (ভূঞাপুর ও গোপালপুর) আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভূঞাপুর পৌরসভা ও উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঘিরে পুরো পৌরশহর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেন্দ্রীয় জনসভাস্থলে গিয়ে শেষ হয়। র্যালিতে শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক বহন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
জনসভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিক সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
সভায় উপজেলা ও পৌর শ্রমিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। জনসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
র্যালি ও জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

