কিশোরগঞ্জের বাজিতপুরে পেট্রল পাম্প থেকে লরিতে তেল নেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার(২৩জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে বাজিতপুরের সরারচর এলাকার একটি পেট্রল পাম্প থেকে গাড়িতে তেল নেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধরা হলেন, রাজিব (৩৫), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০) ও রিয়াদ (৪০)। দগ্ধ অবস্থায় আজ সকালের তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে প্রেরণ করা হয়েছে।
আগুনে দগ্ধ হোওয়া রাজিবের ভগ্নিপতি শরীফ জানান, ভোর ৪টার দিকে আগুন লেগে তারা ৪ জন দগ্ধ হন। তিনি তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। দগ্ধদের মধ্যে রাজীব ও হারুনের অবস্থা আশঙ্কারজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান। তিনি গণমাধ্যমকে জানান, কিশোরগঞ্জ থেকে রাজিবের শরীর ৮০ শতাংশ দগ্ধ, হারুনের ৬০ শতাংশ, রহমত উল্লাহর ১৫ শতাংশ এবং রিয়াদের শরীরে ১০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
রাজীব ও হারুনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থাই বর্তমানে আশঙ্কাজনক। অপর দুজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে।

