খুলনার পাইকগাছায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম শ্রীলেখা সানা (৬০)। তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানা (ফণী আমিন)-র স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার স্বজনরা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজা-খুঁজির এক পর্যায় রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল কার্যক্রম চলছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।
