নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লার চান্দিনায় হাতপাখা প্রতীকের প্রার্থী এহতাশেমুল হক কাশেমীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালান এহতাশেমুল হক কাশেমী। বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও সেনা সদস্যরা। এছাড়া চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) লতিফসহ পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এদিকে জরিমানার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

