সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও মনোনীত সকল প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ,রায়গঞ্জ, সলঙ্গা) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্যই বিজয়ের মূল শক্তি। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে মাঠে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত। সকল নেতা-কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

