রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে গভীর রাতে সশস্ত্র হামলায় সোহেল (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন এবং রাতেই বাঘা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি সোহেলের বসতবাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বাঘা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহত সোহেল বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে। তিনি পরিবার নিয়ে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে বসবাস করতেন, তার দুই মেয়ে এবং এক ছেলে।
নিহত সোহেলের ভাই জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসে বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে থাকে। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গে সোহেলকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ১০ থেকে ১২ টি গুলি ছোড়ে। ছোড়া গুলির মধ্যে একটি গুলি সোহেলের পেটের বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান। পরিবারের সদস্যদের দাবি ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা এই হামলা চালাতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহত সোহেলের মরদেহ বাঘা থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাঘা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
