বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাতের একটি ছবি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি! আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।
এদিকে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ জাতিকে তিনবার নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তার একটি আপসহীন সংগ্রামী রাজনৈতিক জীবন ছিল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। সে লড়াই করতে গিয়ে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলে একাকীত্বে কাটাতে হয়েছে। তবে তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন। তার জানাজায় অসংখ্য মানুষ তাকে আবেগে কান্নায় শ্রদ্ধা জানিয়েছেন। এটা তার প্রাপ্য ছিল।
