শনিবার, ২৮ মার্চ ২০২৬

হিমালয়ের বিরল প্রজাতির ‘গৃহিণী শকুন’ উদ্ধার

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

‎সিরাজগঞ্জে হিমালয়ের বিরল প্রজাতির একটি ‘গৃহিণী শকুন’ অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (রাত আনুমানিক ৯টা) সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার পাপ্পুর কাছ থেকে শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস।
‎
‎স্থানীয় যুবক পাপ্পু জানান, চরাঞ্চলের কয়েকজন যুবক প্রথমে অসুস্থ অবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে ধরে ফেলেন এবং পরে সেটিকে বেঁধে রাখেন। বিষয়টি জানার পর তিনি শকুনটিকে নিজের কাছে নিয়ে আসেন। প্রায় তিন দিন শকুনটি নিজের কাছে রাখার পর তিনি পরিবেশবাদী মামুন বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন।
‎
‎খবর পেয়ে শনিবার রাতেই মামুন বিশ্বাস পাপ্পুর কাছ থেকে শকুনটি উদ্ধার করে নিজের হেফাজতে নেন। তিনি জানান, শকুনটি সম্ভবত ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারকৃত শকুনটির প্রজাতি ‘হিমালয় গৃহিণী’। বর্তমানে শকুনটিকে প্রয়োজনীয় খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে।


‎
‎মামুন বিশ্বাস আরও জানান, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক, বিবিসিএফ-এর উপদেষ্টা ড. মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী নির্ধারিত স্থানে শকুনটিকে হস্তান্তর করা হবে।
‎
‎পরিবেশবিদরা বলছেন, বিরল ও সংরক্ষিত প্রজাতির পাখি উদ্ধারের ক্ষেত্রে দ্রুত বন বিভাগকে অবহিত করা জরুরি। এতে বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন