সিরাজগঞ্জে ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে চলন্ত বাসে ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯–এর কল পেয়ে পুলিশ সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন ফাঁকা এলাকা থেকে তাদের আটক করে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ধলটেংগর গ্রামের ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), তাঁর সহকারী সোলাইমান হোসেন (২৫) এবং ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে যাত্রী হিসেবে ছিলেন কুমিল্লার বিশেষ জেলা ও দায়রা জজ মো. মোহাসিনুল হক। সাহেবগঞ্জ এলাকায় বাসটির সামনে ট্রাক দাঁড় করিয়ে ডাকাতরা বাসটি থামানোর চেষ্টা করে। এ সময় ওই বিচারক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নিউ মায়ের আচঁল হোটেলের সামনে থেকে তিনজনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকটিতে থাকা আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

