টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন সাব-রেজিস্ট্রি অফিসের পাশে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ভূঞাপুর উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলার আমীর মোঃ আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির। এছাড়াও তালীমুল কুরআন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাওলানা আতাউর রহমান, ওলামা বিভাগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সালাম। উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভূঞাপুর উপজেলা আমীর উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, ভূঞাপুর পৌরসভা শাখার আমীর মাওলানা শাহজাহান সরকার, যুব বিভাগের ভূঞাপুর উপজেলা সভাপতি মোঃ নূরুর রহমান তালুকদার সেলিম এবং ভূঞাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও ‘নারায়ে তাকবীর’ ধ্বনির মাধ্যমে সূচনা করা হয়। পরে এক শোভাযাত্রা বের করে ভূঞাপুর বাজার ও আশেপাশের সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। সন্ধ্যায় কার্যালয়ে ফিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা তাদের নির্বাচনী এজেন্ডা উপস্থাপন করেন। প্রধান অতিথি মোঃ আহসান হাবীব মাসুদ বলেন, “দীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।” বিশেষ অতিথি মাওলানা মোঃ হুমায়ুন কবির সকল নেতা-কর্মী ও স্থানীয় জনতাকে ধন্যবাদ জানান এবং নির্বাচনী সাফল্যের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

