টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাটাইলের কথা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘরোয়া পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ বার্ষিকী পালন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি এবং ‘রক্তের বন্ধন ঘাটাইল’ সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য, ‘ঘাটাইলের কথা’ সামাজিক সংগঠনটি দীর্ঘ এগারো বছর ধরে এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটি রক্তদান কর্মসূচি পরিচালনা, অসহায়, গরীব ও অসুস্থ মানুষের পাশে থাকা এবং ঈদের সময় অসহায় ও গরীবদের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে।

