আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শ্রমিক নেতা এ কে আজাদ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন।
আজ মঙ্গলবার সকাল এগারোটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়, এতে গাজীপুর ০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ কে আজাদ উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সভায় এ কে আজাদ বলেন, “আমি দীর্ঘদিন শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও শ্রমিকদের সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে আমি এবার ধানের শীষের প্রার্থী হতে চাই। জনগণের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ কালিয়াকৈরের উন্নয়নে কাজ করে যাব।”
তিনি আরো উল্লেখ করেন, এ আসনের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন।
পরিশেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ কে আজাদ উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের বলেন, আমি বিশ্বাস করি গাজীপুর ০১ আসনের জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে, আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে যদি আমি জনগণের প্রতিনিধিত্ব পাই,আমি সর্বদা জনগণের পাশে থাকবো এবং তাদের জন্য নিজেকে নিয়োজিত করবো।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
