রবিবার, ২৯ মার্চ ২০২৬

ভালা থাইকো তুমি

ফরহাদুল ইসলাম জুয়েল

তোমার একখান চিঠি হাতে লইয়া
অতীতে ফিইরা যাই,
‎আমার চোক্ষের সীমানায়
তোমারে দেহা যায় না এহন,
‎অনেক খুঁজাখুঁজি কইরা
তোমারে পাইলাম না আমি।
‎কোন ভাবেই বুঝবার পারলাম না
‎তুমি আস্তে আস্তে
কবে জানি পর হইয়া গেলা,
‎তোমার আচরণে মনেই হয় নাই
‎তুমিও এমন কিছু করবার পারো।
‎
‎মনে আছে তোমার?
জগদীশের পুস্কুনির পাড়ে দুপুইরা রইদে
তুমি যহন ক্লান্ত হইলা,
‎ঘামতে ঘামতে অস্থির হইলা,
‎ঘাটের পানিতে মুখ ধুইয়া
বসলা আইসা ‎পুস্কুনির পাড়ে,
কি বলছিলা সেদিন?
‎আমি কিন্তু তোমার কথা রাখছিলাম।
‎
‎হুড উঠাইনা রিকসায় বইসা
তুমি হাত ধরবার চাইলা,
আমি তোমার কথা রাখবার গিয়া
হাতটাও ধরবার পারলাম না,
‎তোমার সামনে বইসা
তোমার রান্ধা খাওয়ার কপাল
এই জন্মে হইলোই না আমার,
‎আবার তুমি কইতা,
‎আমারে না-কি তুমি, অনেক ভালোবাসো।
‎
‎আমি এতোটা বছর পরও,
একটা জিনিস, বুঝবার পারলাম না,
‎কোন দোষ আমার পাইলা?
যার জন্য তোমার রান্ধা
আমার কপালে জোটে নাই,
‎স্বপ্ন গুলা না হয় আমারই আছিলো,
‎কিন্তু এক লগে তো দেখতাম।
‎আইচ্ছা তুমি কি এহন স্বপ্ন দেহ না?
‎না-কি তোমার স্বপ্ন গুলা পুরা হইয়া গেছে?
‎
‎এতোটা বছর পরেও
তোমার দেওয়া কষ্ট গুলা
‎বুকের ভিতরে কানতে থাকে,
‎আফসোস হয় মাঝে মধ্যেই
এইটা ভাইবা যে,
‎আমার জন্য তোমার বুকের ভিতর
সামান্য মমতাও ছিলো না,
আর ‎ভালোবাসা তো, বহু ভাগ্যের কথা।
সে যেন তোমারে আগলাইয়া রাখে
ভালা থাইকো তুমি।
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন