সোমবার, ৩০ মার্চ ২০২৬

চল্লিশ পেরোনো এক নারী!

গাজী মনি

তাঁকে প্রথম দেখলে মনে হয়—চুপচাপ, নিজের মতো। কোনো কিছুর তাড়াহুড়ো নেই, কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই। তিনি হাঁটেন ধীরে, কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। যেন জানেন, তিনি কে—আর কাকে আর প্রয়োজন নেই চিনে নিতে।
তাঁর মুখে বয়সের ছাপ স্পষ্ট। চোখের কোণে হালকা রেখা, ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ। কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না, বরং জীবনের গল্পে ভরা। বহু হাসি, বহু কান্না, বহু অভিজ্ঞতা—সবকিছু মিশে গেছে ওই মুখের গভীরে।
চুলে হয়তো সাদা সাদা রঙ দেখা দেয়, তবুও তিনি তা ঢাকেন না। কারণ তিনি জানেন, সৌন্দর্য চুলের রঙে নয়—চরিত্রে, চাহনিতে, আর নিজের প্রতি বিশ্বাসে।
তাঁর শরীর এখন আর কাঁচা বয়সের মতো টানটান নয়। বুক ভারী, পেট নরম, নিতম্ব প্রশস্ত। তাতে কী আসে যায়? এই শরীর তো জীবনের ভাঁজে ভাঁজে তৈরি। কখনো সন্তান জন্ম দিয়ে, কখনো গভীর দুঃখ বয়ে নিয়ে, কখনো সারারাত ঘুম না-কি করে শুধু সংসার টেনে নিয়ে।
তাঁকে দেখলে বোঝা যায়, বয়স কেবল সংখ্যা। তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয়, কাকে দূরে রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা—নিজেকে কেমন করে ভালো রাখতে হয়।
তাঁর হাসি একেবারেই আলাদা। তা জোরে ফেটে পড়ে না, কিন্তু অনেক শান্তি দেয়। যেন সেই মানুষটার হাসি, যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন।
তাঁর চোখে থাকে আশ্রয়। কেউ যদি একটুখানি ভালোভাবে তাকায়, দেখবে—ওখানে একটা ঘর আছে। ক্লান্ত মন চাইলেই সেখানে একটু বসে নিতে পারে।
তিনি প্রেম করেন, কিন্তু দখল করতে চান না। তিনি ছুঁয়ে দেন, কিন্তু আঘাত করেন না। তাঁর স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা—যেটা শরীরের নয়, মনের। যেন কেউ যদি একবার তাঁর বুকের পাশে মাথা রাখে, সে বুঝতে পারে—এই মানুষটার কাছে কিছুই চাওয়ার দরকার পড়ে না, শুধু থাকা যথেষ্ট।
তাঁর সৌন্দর্য খুব চোখে পড়ে না সবসময়। কারণ সেটা চেহারায় নয়, আচরণে। তাঁর ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী—যেটা ধীরে বয়ে চলে, কিন্তু অনেক গভীর।
তিনি কাউকে ছোট করেন না, আবার নিজেকেও হেয় করেন না। তাঁর শব্দগুলো মাপা, কিন্তু ওজনদার। যেন বুঝে শুনেই বলেন, কখন কী বলা উচিত।
তিনি হয়তো একা থাকেন, হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি, কিন্তু কখনোই ভেঙে পড়েন না। কারণ তিনি জানেন, তিনি নিজেই নিজের ভরসা।
এই নারীকে বুঝতে হলে চোখ নয়, মন দিয়ে তাকাতে হয়।
এই নারী কারও মা, মাসি, দিদি, বা বন্ধুর মা হতে পারেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন