মা, তুমি তো যুদ্ধ করো নীরবে,
ভোরের আলো ফোটার আগেই শুরু তোমার লড়ে যাওয়া।
চোখের পাতায় ঘুম না এলেও,
হাসিমুখে সাজিয়ে দাও আমাদের স্বপ্নের সকাল।
তোমার কষ্টের কাঁধে ভর করেই দাঁড়াই আমরা,
জীবনের প্রতিটি ধাপে তুমি ছায়ার মতো সঙ্গী।
ভুল হলে শাসন করো, ভালো করলে আশীর্বাদ,
তোমার ভালোবাসায় লুকিয়ে থাকে অদৃশ্য এক ঢাল।
শত ঝড় আসুক, তুমি হার মানো না কখনো,
অভিমানের পাহাড় গলিয়ে দাও স্নেহের স্পর্শে।
পৃথিবীর সব যুদ্ধের মাঝেও তুমি শান্তির দূত,
তোমার চোখেই দেখি সাহসের আসল অর্থ।
তুমি যেন এক নিবেদিত প্রাণ সেনানী,
নিরবে নিঃস্বার্থে যুদ্ধ করে যাও প্রতিদিন।
মা, তোমার ভালোবাসার কাছে হার মানে সব জয়-পরাজয়,
তাই তো বলি — মা, তুমি পৃথিবীর সেরা যোদ্ধা।
