টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল সাগরদিঘী বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের একটি চায়ের দোকানের পেছ খোলা জায়গায় জুয়ার আসর বসিয়ে খেলায় লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদুর রহমান জানান, এলাকায় জুয়া ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।
