রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফেনীতে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির এনসিপিতে যোগদান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।

নতুন রাজনৈতিক যাত্রায় গাজী ইউছুপ বাপ্পি, তরুণ নেতৃত্বে শক্তি বাড়ানোর আশা এনসিপির

ফেনীতে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি গাজী ইউছুপ বাপ্পি। বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি ফেনী জেলা শাখায় যোগদান করেন। এর আগে গত মঙ্গলবার তিনি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
শহরের জুলাই চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় গাজী ইউছুপ বাপ্পি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হন।
যোগদান শেষে গাজী ইউছুপ বাপ্পি বলেন,
“স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে তরুণ বিপ্লবীরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রেক্ষাপটে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন। এনসিপি সেই সম্ভাবনাকে ধারণ করছে। আমি আজ থেকে জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশপন্থী রাজনীতির নতুন পথে যাত্রা শুরু করলাম।”
তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন সম্ভব এবং এনসিপির মাধ্যমে সেই পরিবর্তনের অংশ হতে চান তিনি।
এদিকে, এনসিপি ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন,
“জুলাইয়ের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে গড়ে ওঠা এনসিপি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজী বাপ্পীর মতো উদ্যমী ও সচেতন তরুণদের দলে অন্তর্ভুক্তি আমাদের শক্তিকে আরও বেগবান করবে।”
তিনি আরও জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে যারা একটি গণমুখী ও পরিবর্তনধর্মী রাজনীতিতে বিশ্বাসী, তাদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতাদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেনীতে গাজী ইউছুপ বাপ্পির এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, যা আগামী দিনে আরও বিস্তৃত প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন