শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ফেনীতে ভোজ্যতেলের অবৈধ মজুদে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং অনুমোদনবিহীন লেভেলিংয়ের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। অভিযানে একটি প্রতিষ্ঠানকে প্রায় ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে রেখেছে এবং লেভেলিং কার্যক্রমও পরিচালনা করছে, যা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদামে সংরক্ষিত প্রায় ৫০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে এসব তেলের সঠিক কাগজপত্র ও বৈধতার প্রমাণ দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়া তেলের মান ও নিরাপত্তা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং মূল্যবৃদ্ধির পেছনে এমন অবৈধ মজুদদারদের ভূমিকা রয়েছে। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে বাজারে স্বস্তি ফিরে আসবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।
র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও অবৈধ মজুদবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন